রাজধানীতে ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েছে। গতমাসে এই জ্বরে আক্রান্ত হয়েছিলেন ২৫৫ জন। আর চলতি মাসের প্রথম সপ্তাহেই তা ১৮৬ জনে পৌঁছেছে। মশার বংশবৃদ্ধি রোধ ও সচেতনতার মাধ্যমেই এ রোগের প্রকোপ কমিয়ে আনা সম্ভব।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে, পহেলা জানুয়ারি থেকে নয় জুলাই পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫২৫ জন। এদের মধ্যে মারা গেছেন চারজন। ২০১৫ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার একশো ৬২ জন। ২০১৬ সালে তা ছিল ৬ হাজার চারশো ৮০ জন, মারা যান ১৪। আর ২০১৭ সালে আক্রান্ত হন ২ হাজার ১৮০ জন ও মারা যান ৮ জন। এবার ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলক কম বলে জানালেন চিকিৎসকরা।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, এ বছর এখন পর্যন্ত চিকুনগুনিয়ার কোন রোগী পাওয়া যায়নি, তবে ডেঙ্গুর কিছু রোগী পাওয়া গেছে। গত বারের তুলনায় যা অনেক কম। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের লিভার রোগ বিশেষজ্ঞ ডা. আহমেদ লুৎফুল মুবীন জানান, গত বছর এই সময়ে আমরা প্রায় ৩০০জনের বেশি রোগীকে ডেঙ্গুর চিকিৎসা দিয়েছি। কিন্তু এ বছর আমরা এখন পর্যন্ত ১০ জনের বেশি রোগী পাইনি। ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং সচেতনতা বাড়াতে স্বাস্থ্য অধিদপ্তর ও সিটি কর্পোরেশন যৌথভাবে কাজ করছে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ



























