দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণকারী ভারতীয় নির্বাচন কমিশন প্রতিনিধি দল বলেছেন, তারা বাংলাদেশের নাগরিকদের শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে দেখেছেন। সোমবার (৮ জানুয়ারি) ভারতের নির্বাচন কমিশন তাদের তিন সদস্যের প্রতিনিধি দলের বিবৃতি প্রকাশ করেছে। ভারতের নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ধর্মেন্দ্র শর্মার নেতৃত্বে প্রতিনিধি দলটি নির্বাচন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ সফর করেন।
বিবৃতিতে প্রতিনিধি দলটি জানায়, আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে ভারতের নির্বাচন কমিশনকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। আমরা নির্বাচনী প্রক্রিয়া পরিচালনা ও এই সফরের বিষয়ে বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রচেষ্টা এবং এর সুচিন্তিত পরিকল্পনা ও ব্যবস্থার প্রশংসা করি। ভারতীয় নির্বাচন কমিশন প্রতিনিধি দলের বিবৃতিতে বলা হয়েছে, আমরা বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন এবং ভোটগ্রহণ প্রক্রিয়াটি সরাসরি প্রত্যক্ষ করেছি। আমরা দেখেছি বাংলাদেশের নাগরিকরা শান্তিপূর্ণভাবে তাদের নির্বাচনী অধিকার প্রয়োগ করছেন।
ভারতীয় নির্বাচন কমিশন প্রতিনিধি দল আরও জানায়, বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশ এবং আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রাখার জন্য উন্মুখ।














