বাংলাদেশে সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন চায় জানিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, দ্বাদশ সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো দলের পক্ষ নেবে না। নির্বাচন নিয়ে শর্তহীন সংলাপ, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরিতে সহায়তা করবে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের পর আজ বুধবার(১৫’নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন রাষ্ট্রদূত।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র আগামী নির্বাচনে একটি নিরপেক্ষ অবস্থানে থাকবে। নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের পক্ষে পক্ষপাতমূলক অবস্থান না নিয়ে বরং একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করবে দেশটি। যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন চায়। চলমান রাজনৈতিক অস্থিরতা পরিহার করে শর্তহীন একটি সংলাপের ওপর জোর দেন মার্কিন রাষ্ট্রদূত। পিটার হাস বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কোনো একক দলের প্রতি পক্ষপাত করে না। আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন, চলমান রাজনৈতিক টেনশন পরিহার করার কথা বলেছি। একই সঙ্গে শর্তহীন সংলাপের ওপর তাগিদ দিয়েছি, অন্য দলগুলোকে সেই বার্তা আগেই দেয়া হয়েছে। তিনি আরও বলেন, সম্প্রতি মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে সহিংসতামূলক বক্তব্য নিয়ে আমরা উদ্বেগ জানিয়েছি।

উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে সকালে বৈঠকে বসেন মার্কিন এ রাষ্ট্রদূত। বুধবার(১৫’নভেম্বর) বেলা ১১টার দিকে সচিবালয়ে পৌঁছান পিটার হাস। পরে মন্ত্রীর দপ্তরে বৈঠকটি শুরু হয়। এদিকে বৈঠকের পর বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আজকে তফশিল ঘোষণা হবে। কোনো রাজনৈতিক দলের সঙ্গে এখন আর সংলাপের সুযোগ নেই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে