
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য দিয়েছেন কানাডিয়ান রয়েল পুলিশের সদস্য লয়েড শোয়েপ। সোমবার (৩০ অক্টোবর) বেলা ১১টা ৩০ মিনিটে শুরু হয় তার সাক্ষ্যগ্রহণ। সাক্ষ্যতে তিনি বলেন, কানাডার তেল ও গ্যাস অনুসন্ধান কোম্পানি নাইকোতে তৎকালীন সরকারের কিছু কর্মকর্তা দুর্নীতি করতে ইন্ধন জোগায়। আমরা এ দুর্নীতির বিষয়ে জানতে পারি গণমাধ্যমের নিউজ দেখে। নাইকোর কাছ থেকে ঘুষ নেওয়ার দায়ে নাইকো রিসোর্সেস কানাডায় দুর্নীতির দায়ে সাজপ্রাপ্তও হয়েছেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় সাক্ষী দিতে শনিবার (২৮ অক্টোবর) রাতে ঢাকায় আসেন তারা। তাদের জবানবন্দি গ্রহণ করছেন ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান। এরপর তাদের জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। এর আগে সোমবার বেলা ১১টায় কেরানীগঞ্জ অস্থায়ী আদালতে যান কানাডিয়ান রয়েল পুলিশের দুই সদস্য কেবিন দুগ্গান ও লয়েড শোয়েপ।
রোববার অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও দুদকের প্রধান আইনজীবী খুরশীদ আলম খানের সঙ্গে বৈঠক করেন কানাডিয়ান রয়েল পুলিশের ওই দুই সদস্য। এর আগে গত ১৯ অক্টোবর তাদের সাক্ষ্য দিতে সমন জারি করেন ঢাকার বিশেষ আদালত।
কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে করা চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার আর্থিক ক্ষতি সৃষ্টি এবং দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদক খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে। এরপর ২০১৮ সালের মে মাসে খালেদা জিয়াসহ আরও ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। গত ১৯ মার্চ এ মামলায় খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন আদালত। এরপর সাক্ষ্য গ্রহণ শুরু হয়।














