বাংলাদেশী পণ্যের বাজার খুঁজতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার কাতারের রাজধানী দোহায় কূটনীতিকদের সাথে বৈঠকে এ নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে দেশকে এগিয়ে নিতে হবে। এর আগে স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নে আয়োজিত সেমিনারে পাঁচটি প্রস্তাবনা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কাতারের রাজধানী দোহায় স্বল্পোন্নত দেশগুলোর পাঁচদিন ব্যাপি সম্মেলনে অংশ নিয়ে তৃতীয় দিন সোমবার বিভিন্ন কর্মসূচীতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন, সন্ধ্যায় দোহায় প্রধানমন্ত্রীর আবাসস্থল হোটেল ওয়ালডর্ফ এস্টোরিয়ায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী বলেন, সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে দেশকে এগিয়ে নিতে হবে। বাংলাদেশী পণ্যের বাজার খুঁজতে কূটনীতিকদের তাগিদ দেন তিনি।
রোহিঙ্গা ইস্যু নিয়ে শেখ হাসিনা বলেন, মিয়ানমারের সাথে আলোচনার মাধ্যমেই রোহিঙ্গা সমস্যা সমাধান করতে হবে। এর আগে কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারের অডিটোরিয়ামে অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশগুলোর গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ বিষয়ক সেমিনারে অংশ নিয়ে পাঁচটি প্রস্তাবনা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সবার উন্নয়নে পারস্পরিক সম্পর্ক ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে স্মার্ট, উদ্ভাবনী ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে ।

















