টেকসই নিরাপত্তা ব্যবস্থা না থাকায় নিরাপত্তার ঘাটতির কারণে বার বার হ্যাক করা হচ্ছে দেশের গুরুত্বপূর্ণ সব সরকারি ওয়েবসাইট। মঙ্গলবার রাতে গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়। এতে নিরাপত্তার ঘাটতির বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। বিশেষজ্ঞরা বলছেন, টেকসই নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন ঘটনা ঘটছে বার বার। ব্যবস্থা না নিলে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য চুরি হওয়ার আশংকা করছেন তারা।
বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ, স্বরাষ্ট্রমন্ত্রণালসহ অধিকাংশ জাতীয় গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাক হয়ে যায়। প্রযুক্তিবিদরা বলছেন, অনলাইন নিরাপত্তার ক্ষেত্রে দুর্বলতার কারণেই বার বার ঘটছে এমন ঘটনা। তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির বলেন, সাইবার নিরাপত্তার জায়গাটা আমাদের দেশে এখনও পর্যাপ্ত নয়। এ বিষয়টিকে যথাযথ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে না। বিশেষ করে আমাদের সরকারি ওয়েবাসইটগুলোর অনেক বেশি যত্নের প্রয়োজন। এর জন্য প্রযুক্তিগত জ্ঞানের অভাব নয় বরং মনোযোগের অভাব রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, এতে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় তথ্য চুরি হওয়ার শঙ্কা থেকেই যায়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগের অধ্যাপক ড. মো. কায়কোবাদ বলেন, জাতীয় নিরাপত্তা বিধানের জন্য যেসব তথ্য রয়েছে সেগুলো চুরি হয়ে যেতে পারে এমন ঘটনার মাধ্যমে। যারা সেখানে কাজ করেন তাদের যথাযথ প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।দেশের সাইবার নিরাপত্তা নিয়ে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও কথা বলতে রাজি হননি কেউই।
নিউজ ডেস্ক । বিডি টাইম্স নিউজ














