তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দেশের তথ্য কর্মকর্তাদের রূপান্তরকর্মী হিসেবে আখ্যা দিয়েছেন। আজ ঢাকায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে গণযোগাযোগ অধিদপ্তর আয়োজিত জাতীয় শুদ্ধাচার কৌশল ও উদ্ভাবনী পরিকল্পনা বিষয়ে জেলা তথ্য অফিসারদের দু’দিনের সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালার সমাপনীতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন ।

মন্ত্রী বলেন, জনমুখী উন্নয়নে গণযোগাযোগের বিকল্প নেই। উন্নয়নের সুফলভোগীদের কুসংস্কার, ধর্মান্ধতা, কূপম-ূকতা, লিঙ্গবৈষম্য থেকে মুক্ত করতে দেশের প্রতিটি জেলায় নিয়োজিত তথ্য কর্মকর্তারাই রূপান্তরের কর্মী। বুকে দেশপ্রেম আর হাতে সংবিধান নিয়ে দেশের চার মূলমন্ত্র জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা সকলের মাঝে ছড়িয়ে বৈষম্যহীন সমৃদ্ধি আর সুশাসনের গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবে তথ্য কর্মকর্তারা।

দেশের সামনে পাঁচটি চ্যালেঞ্জ উল্লেখ করে মন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান, নির্বাচন বানচালের চক্রান্ত মোকাবিলা, বিএনপি-জঙ্গি-রাজাকার চক্রকে ক্ষমতার বাইরে রাখা, উন্নয়নের ধারা অব্যাহত রাখা আর চার হাজার বছরের বাংলাদেশের সভ্যতা-ইতিহাসের শেকড়ের সাথে জনগণের বন্ধন দৃঢ়তর করাই এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর দেশব্যাপী তথ্য কর্মকর্তারা এ চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত।

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ৬৪ জেলা ও ৪ পার্বত্য উপজেলা তথ্য অফিসের প্রতিনিধিদের এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ, প্রধান তথ্য অফিসার কামরুন নাহার, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন।

বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে ৬৮টি তথ্য অফিসকে দেয়া একটি করে টিভি সেট কর্মকর্তাদের হাতে তুলে দেন মন্ত্রী।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে